হেডলাইন:
নলছিটিতে স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির বাড়িতে চুরি, ঢাকায় গুলিবিদ্ধের ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন উদ্বেগ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। ঝালকাঠির নলছিটি পৌরসভার খাসমহল এলাকায় শুক্রবার (১২ ডিসেম্বর) রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, বাড়িতে কেউ না থাকার সুযোগে দুর্বৃত্তরা জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে। তবে কী কী মালামাল খোয়া গেছে, তাৎক্ষণিকভাবে তা নির্ধারণ করা সম্ভব হয়নি।
ওসমান হাদির চাচাতো ভাই সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘরের ভেতর তছনছের চিহ্ন পাওয়া গেছে। তালিকা তৈরি না হওয়ায় ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত নয়।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং দায়ীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।
এর আগে একই দিনে রাজধানীতে ওসমান হাদির ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটে। শুক্রবার দুপুর আনুমানিক ২টা ১৫ মিনিটে বিজয়নগর পানির ট্যাংকির সামনে রিকশাযোগে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত তাকে খুব কাছ থেকে গুলি করে দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে পরিবারের সিদ্ধান্তে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।
একই দিনে হামলা ও গ্রামের বাড়িতে চুরির ঘটনায় এলাকাবাসী ও সমর্থকদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।