ঝালকাঠিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
ঝালকাঠি প্রতিনিধি: মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে এক শোকাবহ দিন ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ঝালকাঠির কাঠালিয়ায় নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হয়েছে।
রোববার সকাল সাড়ে ৯টায় আমুয়ার তালতলা বধ্যভূমিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় সরকারি-বেসরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, জনপ্রতিনিধি ও স্থানীয় মানুষ শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
পুষ্পস্তবক অর্পণের পর তালতলা বধ্যভূমি সংলগ্ন কালী মন্দিরের চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মকবুল হোসেন বলেন, “শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ জাতির জন্য চিরস্মরণীয়। তাঁদের অবদান ছাড়া স্বাধীন বাংলাদেশের পথচলা কল্পনাও করা যায় না।”
আলোচনা সভায় উপস্থিত ছিলেন কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ নাছের রায়হান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ধারণ করে একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার গুরুত্বে জোর দেন এবং স্মৃতির আলোকে নতুন প্রজন্মকে শিক্ষিত করার আহ্বান জানান।