বুধবার সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাবে ব্যালট : ইসি সানাউল্লাহ
নিজস্ব প্রতিনিধি
_______________________________________
নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জেলা পর্যায় থেকে ব্যালট পেপার ইতিপূর্বেই উপজেলাগুলোতে পৌঁছে দেওয়া হয়েছে। আগামীকাল বুধবার সকাল থেকেই এসব ব্যালট পেপার নির্ধারিত ভোটকেন্দ্রগুলোতে পাঠানোর কাজ শুরু হবে।
মঙ্গলবার নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, দেশের মোট ২৯৯টি আসনে এবারের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ শুরু হবে সকাল ৭টা ৩০ মিনিটে এবং বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত। এবারের নির্বাচনে মোট ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে নারী প্রার্থীর সংখ্যা ৮১ জন।
ভোটারদের পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ, যেখানে নারী ও পুরুষ ভোটারের সংখ্যা প্রায় সমান। সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোট সম্পন্ন করতে নির্বাচন কমিশন সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে।
নির্বাচনের নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য মাঠে দায়িত্ব পালন করবেন। এছাড়া নির্বাচন পর্যবেক্ষণে দেশীয় ৪৫ হাজার ৩১৩ জন এবং ৩৫০ জন বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন। পাশাপাশি সংবাদ সংগ্রহের জন্য ১৫৬ জন বিদেশি সাংবাদিকও নিবন্ধন করেছেন।