আশুলিয়ায় ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার।
আশুলিয়া ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে একটি ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আব্দুল আজিজকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে আশুলিয়ার নবীনগর সেনা শপিং কমপ্লেক্স এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আব্দুল আজিজ আশুলিয়ার পল্লীবিদ্যুৎ মন্ডল কলোনী এলাকার মো. মনির হোসেনের ছেলে। তিনি নবীনগর সেনা শপিং কমপ্লেক্সের একটি কাপড়ের দোকানে কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন।
মামলা সূত্রে জানা গেছে, গত বছরের ১৩ জানুয়ারি ভুক্তভোগী এক নারী আব্দুল আজিজের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন।
আদালত বিষয়টি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ প্রদান করেন। তদন্ত শেষে ঢাকা জেলা পিবিআই-এর উপ-পরিদর্শক জামাল হোসেন আদালতে চার্জশিট দাখিল করলে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) জারি করা হয়।
আশুলিয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আসাদুর রহমান বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে এএসআই আনিসুর রহমান ও সঙ্গীয় ফোর্সসহ নবীনগর সেনা শপিং কমপ্লেক্স এলাকায় অভিযান চালিয়ে আজিজকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তিনি একটি ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।"