সোনারগাঁয়ে সাঁড়াশি অভিযান: মাদক, জুয়া ও ডাকাতি মামলায় আটক ১৯
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের এক বিশেষ অভিযানে মাদক, ডাকাতি ও জুয়া খেলার অভিযোগে মোট ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে মাদক সংক্রান্ত মামলায় ৯ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— ঝালকাঠির রাজিব সমাদ্দার (৩৮), কুমিল্লার শাওন (২০), নীলফামারীর সুমন ইসলাম (২৩) এবং সোনারগাঁয়ের কাউসার মোল্লা (২৩), রাশেদ (২২), সাহারুল ইসলাম (২৮), শফিকুল ইসলাম (৪৯), মোফাজ্জল (৩৮) ও তরিকুল ইসলাম (৫৫)।
এ ছাড়া উপজেলার কাঁচপুর পুরাতন বাজার এলাকায় জুয়াবিরোধী অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— আমিরুল ইসলাম (৪৭), সোহেল (৪৫), শাহানুর (৩২), নুরুজ্জামান (৫০), শাকিল (২৫), খোরশেদ আলী (৩৫), আতিকুর (৩০), আজাদুল ইসলাম (৩০) ও আতোয়ার ইসলাম (২৭)।
অন্যদিকে ডাকাতি মামলার আসামি সোনারগাঁয়ের ঝাউচর এলাকার বাসিন্দা মামুনকে (৩৬) গ্রেপ্তার করা হয়েছে।
সোনারগাঁ থানার ওসি জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।