
প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার ঘটনায় নিন্দা জানিয়ে নিরাপত্তার আশ্বাস- প্রধান উপদেষ্টার
১৯ তারিখ (শুক্রবার) প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেইসবুক পেইজ থেকে জানানো হয়,
ঢাকা -৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় ঢাকা সহ সারাদেশে বিক্ষোভ করে বিক্ষুব্ধ জনতা,
মৃত্যুর খবরের পর পরই প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটে,
দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে বর্বরোচিত হামলার ঘটনায় পত্রিকা দুটির সম্পাদকদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার রাতে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান এবং দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের সঙ্গে ফোনালাপে প্রধান উপদেষ্টা গভীর সমবেদনা জানান। তিনি বলেন, তাঁদের প্রতিষ্ঠান ও সংবাদকর্মীদের ওপর সংঘটিত এই অনাকাঙ্ক্ষিত ও ন্যক্কারজনক হামলা তাঁকে গভীরভাবে ব্যথিত করেছে। এ সময় তিনি জানান, এ দুঃসময়ে সরকার গণমাধ্যমগুলোর পাশে রয়েছে।
প্রধান উপদেষ্টা আরও বলেন, দেশের শীর্ষস্থানীয় দুটি গণমাধ্যম প্রতিষ্ঠানের ওপর এই হামলা স্বাধীন গণমাধ্যমের ওপর সরাসরি আঘাত। এ ধরনের ঘটনা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও স্বাধীন সাংবাদিকতার পথে বড় ধরনের বাধা সৃষ্টি করে।
ফোনালাপে তিনি সম্পাদকদ্বয়কে তাদের ও সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের পূর্ণ নিরাপত্তা নিশ্চিতসহ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে তিনি অচিরেই সম্পাদকদের সঙ্গে সাক্ষাৎ করার আগ্রহ প্রকাশ করেন।
উল্লেখ্য, গণমাধ্যমে হামলার ঘটনায় দেশজুড়ে উদ্বেগ ও নিন্দা জানানো হচ্ছে এবং দোষীদের দ্রুত শনাক্ত ও বিচারের দাবি উঠেছে।