
সাভারের ইসলামনগরে তালাবদ্ধ কক্ষ থেকে জাবি ছাত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার
মো:সুজন আহমেদ – বিশেষ প্রতিনিধি :
সাভারের ইসলামনগর এলাকায় একটি তালাবদ্ধ কক্ষ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) লোক প্রশাসন বিভাগের এক ছাত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিক্ষার্থীর নাম শারমিন জাহান খালেদা। রোববার বিকেলে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সাভারের পাথালিয়া ইউনিয়নের ইসলামনগর এলাকার একটি ভাড়া বাসায় স্বামীর সঙ্গে বসবাস করতেন শারমিন জাহান খালেদা। বিকেলে তার স্বামী বাসায় ফিরে কক্ষটি তালাবদ্ধ অবস্থায় দেখতে পান। দীর্ঘ সময় ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে পরে তালা ভেঙে ভেতরে প্রবেশ করলে শারমিনকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন।
পরে দ্রুত তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে জানা যায়, নিহতের মাথায় ভারি কোনো বস্তুর আঘাতের চিহ্ন রয়েছে। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, মাথায় গুরুতর আঘাতের ফলে অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়ে থাকতে পারে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। সাভার থানার পক্ষ থেকে জানানো হয়েছে, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড—তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
এদিকে এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। সহপাঠীরা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।