
সাভার চামড়া শিল্পনগরীতে পরিবেশবান্ধব উৎপাদনে জোর
৫ দিনব্যাপী কেমিক্যাল ম্যানেজমেন্ট প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন
স্টাফ রিপোর্টার -ঢাকা
সাভারের হেমায়েতপুরে অবস্থিত চামড়া শিল্পনগরীতে চামড়া শিল্পের আধুনিকায়ন ও পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থাকে জোরদার করতে ‘কেমিক্যাল ম্যানেজমেন্ট’ বিষয়ক ৫ দিনব্যাপী নিবিড় প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। বাংলাদেশ ফিনিশড লেদার, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএলএলএফইএ) এবং বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিল (এলএসবিপিসি)-এর যৌথ উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।
গত ১২ মার্চ (বৃহস্পতিবার) বিকেলে বিএফএলএলএফইএ ভবনে আয়োজিত সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে কর্মশালার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।
কর্মশালায় মূল রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (আইএলইটি)-এর সহকারী অধ্যাপক নুর মুহাম্মদ। প্রশিক্ষণে সাভার চামড়া শিল্পনগরীর বিভিন্ন ট্যানারি ও কারখানার কেমিক্যাল সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ কর্মশালায় চামড়া প্রক্রিয়াজাতকরণে রাসায়নিক দ্রব্যের সঠিক ও পরিমিত ব্যবহার, কেমিক্যাল ইনভেন্টরি প্রস্তুত, নিরাপদ সংরক্ষণ এবং বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশ দূষণ রোধে আধুনিক পদ্ধতি সম্পর্কে হাতে-কলমে ধারণা দেওয়া হয়। এছাড়া আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি চামড়ার গ্রহণযোগ্যতা বাড়াতে Leather Working Group (LWG)-এর মানদণ্ড অনুযায়ী ‘সেফটি ডাটা শিট’ (SDS) অনুসরণ এবং কেমিক্যাল ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরা হয়।
সমাপনী অনুষ্ঠানে এলএসবিপিসি-এর সহকারী পরিচালক লিটন চন্দ্র রায়সহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে দেশের চামড়া শিল্পকে অবশ্যই আন্তর্জাতিক মান ও কমপ্লায়েন্স নিশ্চিত করতে হবে। বাণিজ্য মন্ত্রণালয়ের এ উদ্যোগ ট্যানারিগুলোর কারিগরি দক্ষতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।
অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের প্রশিক্ষণ চামড়া শিল্পে নিরাপদ কেমিক্যাল ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক মান বজায় রেখে উৎপাদন কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।