
হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শাহবাগে টানা তৃতীয় দিনের অবরোধ, চার দফা দাবি ইনকিলাব মঞ্চের।
নিজস্ব প্রতিবেদক:
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে টানা তৃতীয় দিনের মতো অবরোধ কর্মসূচি পালন করেছে সংগঠনটির নেতাকর্মীরা।
রোববার (২৮ ডিসেম্বর) পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দুপুর আনুমানিক ২টা থেকে শাহবাগ মোড়ে অবস্থান নেন বিক্ষোভকারীরা। এ সময় হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের নেতারা। অবরোধ চলাকালে শাহবাগ ও আশপাশের এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে।
রাতের দিকে এক সমাবেশে ইনকিলাব মঞ্চ চার দফা দাবি ঘোষণা করে। ঘোষিত দাবিগুলোর মধ্যে রয়েছে— হত্যাকাণ্ডে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সব ব্যক্তিকে চিহ্নিত করে আগামী ২৪ দিনের মধ্যে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। পাশাপাশি বাংলাদেশে কর্মরত ভারতীয় নাগরিকদের ওয়ার্কার্স পারমিট বাতিলের দাবি জানানো হয়।
এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং গুম-খুনের সঙ্গে সংশ্লিষ্ট হয়ে ভারতে আশ্রয় নেওয়া ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনার আহ্বান জানায় সংগঠনটি। এ বিষয়ে ভারত সহযোগিতা না করলে আন্তর্জাতিক আদালতে মামলা দায়েরের দাবিও তোলা হয়। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীতে দায়িত্বে থেকে বিভ্রান্তিকর তথ্য প্রদানকারী কর্মকর্তা এবং আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতা-কর্মীদের চাকরিচ্যুত করার দাবি জানানো হয়।
ইনকিলাব মঞ্চ জানায়, চলমান কর্মসূচির অংশ হিসেবে রাত ১০টায় দিনের মতো অবরোধ সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে। তবে আন্দোলন আরও বিস্তৃত করার ঘোষণা দিয়ে সংগঠনটি আগামী দিনের কর্মসূচিও প্রকাশ করে।
ঘোষণা অনুযায়ী, সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টায় দেশের সব বিশ্ববিদ্যালয় ও কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
ইনকিলাব মঞ্চের নেতারা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে এবং প্রয়োজনে আন্দোলন আরও কঠোর করা হবে।