
সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে সারা দেশে কঠোর ব্যবস্থার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক | ঢাকা | কালের পরিবর্তন
সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি ও অবৈধ অস্ত্র উদ্ধারে সারা দেশে বিশেষ অভিযান জোরদারের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। গোয়েন্দা সংস্থার তথ্য-সহায়তায় পরিচালিত এ অভিযানে অবৈধ ও লুণ্ঠিত অস্ত্র উদ্ধার, মাদক চোরাচালান দমন এবং সন্ত্রাসী ও চাঁদাবাজদের দ্রুত আইনের আওতায় আনার তাগিদ দিয়েছেন তিনি।
শনিবার (২৯ আগস্ট) রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভা’ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা জানান।
তিনি বলেন, গোয়েন্দা সংস্থাগুলোর সমন্বয়ে সারা দেশে এই অভিযান ইতোমধ্যে চলমান রয়েছে। কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে নতুন কিছু কৌশল নির্ধারণ করা হয়েছে। তবে নিরাপত্তার স্বার্থে সেসব কৌশল প্রকাশ্যে আনা হবে না।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক কারবার দমনে পুলিশের জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। নির্ধারিত এই সময়ের মধ্যে প্রত্যাশিত অগ্রগতি দেখাতে না পারলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
সভায় পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খন্দকার রফিকুল ইসলাম।
এ সময় পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন রেঞ্জের ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, অতিরিক্ত পুলিশ কমিশনার এবং দেশের সব জেলার পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী মাঠপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন এবং তাঁদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।