
গাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন ৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে
সোহেল হাওলাদার:গাজীপুরের কোনাবাড়ী মেট্রো থানাধীন দেওয়ালিয়া বাড়ি এলাকায় ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের প্রায় চার ঘণ্টার আপ্রাণ চেষ্টায় বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এই ঘটনায় এখনো কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির সূনির্দিষ্ট পরিমাণ জানা যায়নি।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দেওয়ালিয়া বাড়ি এলাকার বাচ্চু মিয়ার পলি গোডাউন থেকে প্রথম আগুনের সূত্রপাত হয়। বাতাসের তীব্রতার কারণে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা আশেপাশের অন্যান্য গোডাউনে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসে খবর দিলে প্রথমে কোনাবাড়ী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। পরে আগুনের ভয়াবহতা বাড়ায় সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট কাজে যোগ দেয়।
কোনাবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, ভোর সাড়ে ৫টার দিকে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের মোট পাঁচটি ইউনিট কাজ শুরু করে এবং সকাল সাড়ে ৯টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বাতাসে বাতাসের বেগ বেশি থাকায় কাজ করতে কিছুটা বেগ পেতে হয়েছে। অগ্নিকাণ্ডের মূল কারণ ও মোট ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।