
রাষ্ট্রপতির শপথে নতুন অধ্যায়, বঙ্গভবনে মির্জা ফখরুল
বীরগঞ্জ( দিনাজপুর) প্রতিনিধি:মো:রহিদুল ইসলাম
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন বিএনপির প্রবীণ নেতা ও সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে আনুষ্ঠানিকভাবে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।
জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কূটনীতিক এবং সামরিক-বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শপথ গ্রহণের পর মির্জা ফখরুল রাষ্ট্রপতির শপথ বইয়ে স্বাক্ষর করেন। এর মধ্য দিয়ে রাষ্ট্রপতির দায়িত্ব আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে ন্যস্ত হয়। পরে তিনি নতুন মন্ত্রিসভার চারজন মন্ত্রী ও দুইজন প্রতিমন্ত্রীকে শপথ পড়ান।
এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ওলি আহমেদ পান ৮৮ ভোট। ১৯৯১ সালের পর এটিই ছিল বাংলাদেশের প্রথম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন।
রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘদিন বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করেন। ঠাকুরগাঁওয়ে জন্ম নেওয়া এই প্রবীণ রাজনীতিক ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে পড়াশোনা করেন। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি সরকারের প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।
দীর্ঘ রাজনৈতিক জীবনের পর দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে তাঁর অধিষ্ঠান বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। নতুন রাষ্ট্রপতির সামনে সাংবিধানিক দায়িত্ব পালনের পাশাপাশি রাষ্ট্রের স্থিতিশীলতা ও গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষার গুরুত্বপূর্ণ দায়িত্বও রয়েছে।