
আশুলিয়ায় ৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে মো. হামিদুল ইসলাম (৪০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ছয় কেজি গাঁজা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান। এর আগে, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকার প্রি-ক্যাডেট হাইস্কুলের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক মো. হামিদুল ইসলাম (৪০) কুড়িগ্রাম জেলার নাগেরশ্বরী থানার নাড়িয়াটারী এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে।
পুলিশ জানায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় কতিপয় মাদক কারবারি গাঁজা ক্রয়-বিক্রয় করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে আশুলিয়া থানা পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে হামিদুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে দুপুরে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এছাড়া মাদকমুক্ত সমাজ গঠনে আশুলিয়া থানা পুলিশ অঙ্গীকারবদ্ধ। জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।