
ঠাকুরগাঁওয়ে কৃষকদের মাঝে বিনামূল্যে পুষ্টিসমৃদ্ধ জিংক ধানের বীজ বিতরণ
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে পুষ্টি নিরাপত্তা জোরদার ও জিংক সমৃদ্ধ ধানের চাষ সম্প্রসারণের লক্ষ্যে বিনামূল্যে কৃষকদের মাঝে জিংক ধানের বীজ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে অগ্রণী কৃষকদের নিয়ে প্রশিক্ষণ কর্মসূচিও আয়োজন করা হয়।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের সিকদার হাট উচ্চ বিদ্যালয় মাঠে ১০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে পুষ্টিসমৃদ্ধ জিংক ধানের বীজ বিতরণ করা হয়। একইসঙ্গে জিংক ধানের উৎপাদন ও সম্প্রসারণ বিষয়ে অগ্রণী কৃষকদের প্রশিক্ষণ প্রদান করা হয়।
অনুষ্ঠানটির আয়োজন করে ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এবং বাস্তবায়ন করে আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা ইনস্টিটিউট (আইএফপিআরআই) হারভেস্টপ্লাস প্রোগ্রামের রিএক্টস-ইন প্রকল্প।
ঠাকুরগাঁও সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আবু আবদুল্লাহ আল মুজাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন আউলিয়াপুর ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা, ইএসডিও রিএক্টস-ইন প্রকল্পের প্রজেক্ট ফোকাল কৃষিবিদ মো. আশরাফুল আলম, প্রজেক্ট অফিসার মো. আবু তালহা শিশিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে মানবদেহে জিংকের গুরুত্ব, জিংকের অভাবজনিত রোগের লক্ষণ ও ঘাটতি পূরণের উপায়, জিংক সমৃদ্ধ ধান ও গমের বিভিন্ন জাত এবং এসব ফসলের উৎপাদন প্রযুক্তি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনায় অংশগ্রহণকারী কৃষকরা স্বতঃস্ফূর্তভাবে মতামত তুলে ধরেন এবং জিংক সমৃদ্ধ খাদ্যশস্য মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে উৎপাদন ও সচেতনতা বৃদ্ধিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রশিক্ষণ শেষে ১০০ জন কৃষককে প্রত্যেকে ৪ কেজি করে মোট ৪০০ কেজি পুষ্টিসমৃদ্ধ ব্রি ধান-১০২ জিংক জাতের ভিত্তি বীজ বিনামূল্যে বিতরণ করা হয়।
এ সময় ইএসডিও রিএক্টস-ইন প্রকল্পের প্রজেক্ট ফোকাল কৃষিবিদ মো. আশরাফুল আলম জানান, কানাডা সরকারের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন, হারভেস্টপ্লাস, নিউট্রিশন ইন্টারন্যাশনাল ও ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের কনসোর্টিয়ামের মাধ্যমে রিএক্টস-ইন প্রকল্পটি বাংলাদেশের ঠাকুরগাঁওসহ আরও তিনটি দেশে বাস্তবায়িত হচ্ছে। হারভেস্টপ্লাসের কার্যক্রম ঠাকুরগাঁও জেলার তিনটি উপজেলায় ইএসডিওর মাধ্যমে বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি আরও বলেন, হারভেস্টপ্লাস ভিটামিন ও খনিজসমৃদ্ধ বায়োফোর্টিফাইড খাদ্যশস্যের উন্নয়ন ও সম্প্রসারণে বিশ্বব্যাপী কাজ করছে। বাংলাদেশে জিংক ধান, জিংক গম এবং জিংক ও আয়রনসমৃদ্ধ মসুর ডালের অভিযোজন ও সম্প্রসারণেও প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বর্তমানে দেশে আমন মৌসুমে ব্রি ধান-৭২ ও বিনা ধান-২০ এবং বোরো মৌসুমে ব্রি ধান-৭৪, ৮৪, ১০০ ও ১০২ জিংক জাতের ধানের ব্যাপক চাষাবাদ হচ্ছে বলে অনুষ্ঠানে জানানো হয়।