
গাঁজা ও ইয়াবাসহ ২ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে ডিবি।
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে সাভারের পৃথক দুটি এলাকা থেকে ৫০০ গ্রাম গাঁজা ও ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় এবং ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গত ২ জুলাই রাতে সাভার মডেল থানাধীন উত্তর কলমা এলাকায় প্রথম অভিযানটি পরিচালিত হয়। ডিবি (উত্তর)-এর এসআই (নিঃ) মোঃ রাশেদ মিয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে নিয়ামত (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত নিয়ামত উত্তর কলমা এলাকার মৃত ছবুর খানের ছেলে। এ সময় তার কাছ থেকে আনুমানিক ১৫,০০০ টাকা মূল্যের ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
অপর এক পৃথক অভিযানে, ৩ জুলাই (২০২৬ খ্রি.) রাত ০১:৩০ ঘটিকায় সাভার মডেল থানাধীন জয়নাবাড়ি এলাকায় অভিযান চালায় ডিবির আরেকটি দল। এসআই (নিঃ) শেখ মফিজুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ জয়নাবাড়ী ব্যাপারীপাড়া এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে মোঃ মেহেদী (৩৫) নামের আরেক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। মেহেদী বগুড়া সদর থানার নয়াপাড়া চর সুত্রাপুর এলাকার মৃত আলতাফের ছেলে। গ্রেফতারের সময় তার কাছ থেকে ৩ গ্রাম ওজনের ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৯,০০০ টাকা।
ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃত উভয় ব্যক্তিই পেশাদার মাদক ব্যবসায়ী। এদের মধ্যে, ১ নং আসামি নিয়ামতের বিরুদ্ধে পূর্বে আরও ৩টি মাদক মামলা রয়েছে। ২ নং আসামি মোঃ মেহেদীর বিরুদ্ধে পূর্বে ১টি মাদক মামলা রয়েছে।
আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করার পর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।