
প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ
বাণিজ্য, বিনিয়োগ ও সরাসরি ফ্লাইটে অগ্রগতির ইঙ্গিত,
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ–পাকিস্তান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে বাণিজ্য, বিনিয়োগ, বিমান যোগাযোগসহ বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়েছে। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব বিষয়ে মতবিনিময় করেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।
সাক্ষাৎকালে পাকিস্তানের হাইকমিশনার জানান, গত বছরের তুলনায় দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যে প্রায় ২০ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে এবং উভয় দেশের ব্যবসায়ী মহল নতুন বিনিয়োগ ও যৌথ উদ্যোগে আগ্রহ দেখাচ্ছে। তিনি আরও জানান, আগামী জানুয়ারি থেকে ঢাকা–করাচি সরাসরি বিমান চলাচল শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান যোগাযোগকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ–পাকিস্তান বাণিজ্য আরও সম্প্রসারণের পাশাপাশি সার্কভুক্ত দেশগুলোর মধ্যে পারস্পরিক সফর, সাংস্কৃতিক, শিক্ষাগত ও জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বাড়ানো জরুরি।
সাক্ষাতে শিক্ষাগত ও চিকিৎসা খাতে সহযোগিতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে চিকিৎসা বিজ্ঞান, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ন্যানোটেকনোলজি ক্ষেত্রে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পাকিস্তানে উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং চিকিৎসা প্রশিক্ষণে সহযোগিতার বিষয়টি আলোচনায় আসে।
সাক্ষাৎকালে এসডিজি বিষয়ক সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন।