
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রুমিন ফারহানা সহ বিএনপি’র শীর্ষ ৯ নেতৃবৃন্দ বহিষ্কার।
নিজস্ব প্রতিনিধি
দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকান্ড পরিচালনার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি কর্তৃপক্ষ আজ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন, মোহাম্মদ শাহ আলম, হাসান মামুন, আব্দুল খালেক, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট-এর মহাসচিব তরুণ দে, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মামুনুর রশিদ (চাকসু মামুন) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশকে প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।
বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, দলীয় শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
বহিষ্কৃত নেতাদের বিরুদ্ধে অভিযোগ, তারা দলীয় সিদ্ধান্তকে অমান্য করে ব্যক্তিগত ও স্বতন্ত্রভাবে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করেছেন, যা দলের অভ্যন্তরীণ নিয়ম ও নীতি লঙ্ঘন করে। দল এই ধরনের আচরণ বরদাস্ত করবে না এবং শৃঙ্খলা ও নিয়ম মেনে চলার প্রতি গুরুত্বারোপ করেছে।