
চাকরির খোঁজে তরুণদের মিলনমেলা: দিনাজপুরে এ্যাপটাচের জব ফেয়ার ঘিরে আশার আলো
মো:রহিদুল ইসলাম দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরে বেকার তরুণদের জন্য আশার নতুন বার্তা নিয়ে বৃহৎ পরিসরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো সেমিনার ও জব ফেয়ার। এই আয়োজন একদিকে যেমন কর্মসংস্থানের বাস্তব সুযোগ তৈরি করেছে তেমনি চতুর্থ শিল্প বিপ্লবকে সামনে রেখে দক্ষ জনশক্তি গড়ে তোলার গুরুত্বও তুলে ধরেছে।
দিনাজপুর সদরস্থ এ্যাপটাচ পলিটেকনিক ইনস্টিটিউটে ASSET প্রকল্পের আওতায় আয়োজিত সেমিনার ও এ্যাপটাচ জব ফেয়ার–২০২৬ অনুষ্ঠিত হয়।
সেমিনারের প্রতিপাদ্য ছিল— বাংলাদেশের উন্নয়নে চতুর্থ শিল্প বিপ্লবের ভূমিকা: সম্ভাবনা ও চ্যালেঞ্জ ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের রংপুর আঞ্চলিক অফিসের পরিচালক (উপ-সচিব) জনাব খন্দকার নাহিদ হাসান। তিনি বলেন প্রযুক্তিনির্ভর দক্ষতা ছাড়া ভবিষ্যতের কর্মবাজারে টিকে থাকা কঠিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব এস. এম. হাবিবুল হাসান এবং বিসিক দিনাজপুরের ডিজিএম জনাব জাহেদুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ্যাপটাচ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী জয়ন্ত কুমার সরকার।
জব ফেয়ারে দেশের ১৩টি স্বনামধন্য চাকরিদাতা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। বিভিন্ন পলিটেকনিক ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ চাকরিপ্রত্যাশীরা সিভি জমা দিয়ে সরাসরি ইন্টারভিউতে অংশ নেন।
এর মধ্য থেকে ২২ জন প্রার্থীকে তাৎক্ষণিকভাবে চাকরির জন্য নির্বাচিত করা হয়, যা উপস্থিত তরুণদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে।
অনুষ্ঠান শেষে নির্বাচিত প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। একই সঙ্গে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে এ্যাপটাচ পলিটেকনিক ইনস্টিটিউটের সমঝোতা স্মারক স্বাক্ষর হয় যা ভবিষ্যতে আরও কর্মসংস্থানের পথ সুগম করবে।
স্থানীয় সচেতন মহলের মতে এমন আয়োজন নিয়মিত হলে উত্তরাঞ্চলের বেকারত্ব কমানোর পাশাপাশি দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।