
গুলিবিদ্ধ ওসমান হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, সর্বোচ্চ চিকিৎসা ও বিচার নিশ্চিতের আশ্বাস
১৩ ডিসেম্বর ২০২৫ প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেইসবুক পেইজ থেকে জানানো হয়,
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। শনিবার সকালে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে ওসমান হাদির ভাই আবু বকর সিদ্দীক, বোন মাসুমা ছাড়াও ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দ আব্দুল্লাহ আল জাবের, ফাতিমা তাসনিম জুমা এবং মো. বোরহান উদ্দিন উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা এ সময় আশ্বাস দিয়ে বলেন, ওসমান হাদির চিকিৎসা নিশ্চিতে সরকার সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করেছে। তাঁর শারীরিক অবস্থা বিবেচনায় প্রয়োজনে দেশের বাইরে উন্নত চিকিৎসার ব্যবস্থাও করা হবে। তিনি বলেন, “সারাদেশ তাঁর সুস্থতার জন্য দোয়া করছে। সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে কোনো ঘাটতি রাখা হবে না।”
সাক্ষাতে আবেগঘন কণ্ঠে ওসমান হাদির বোন মাসুমা বলেন, ছোটবেলা থেকেই দেশপ্রেম ও সংগ্রামী চেতনায় বেড়ে ওঠা হাদি ছিলেন একজন বিপ্লবী মানসিকতার মানুষ। বিদ্রোহী কবিতা ছিল তাঁর প্রিয়। তিনি আরও বলেন, ওসমান হাদির একটি ১০ মাস বয়সী সন্তান রয়েছে এবং পরিবার ও আন্দোলনের জন্য তিনি মেরুদণ্ডস্বরূপ।
তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “ওর অনেক কাজ বাকি, ওকে বেঁচে থাকতে হবে। জুলাই বিপ্লবীদের নিরাপত্তা নিশ্চিত না হলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে।”
ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে ইনকিলাব মঞ্চের নেতা আব্দুল্লাহ আল জাবের বলেন, ৫ আগস্টের পর অনেকেই স্বাভাবিক জীবনে ফিরলেও ওসমান হাদি ঘরে ফেরেননি। তিনি সারাক্ষণ জুলাই বিপ্লবের আদর্শ ধারণ করে কাজ করেছেন। হামলাকারীর আগের মামলায় জামিন পাওয়ার বিষয়টি তদন্তের দাবি জানান তিনি।
এ সময় জুলাই আন্দোলনে যুক্ত নেতাকর্মীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান ফাতিমা তাসনিম জুমা।
প্রধান উপদেষ্টা বলেন, এ নৃশংস হামলার সঙ্গে জড়িতদের পুরো চক্র চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। তিনি জানান, অপরাধীদের দ্রুত গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয়ভাবে কাজ করছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ ইতোমধ্যে দেওয়া হয়েছে।
সাক্ষাৎকালে আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা রিজওয়ানা হাসান, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রতিবেদনটি প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত তথ্যের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে।