
ঢাকা–১৯: ভোটের মাঠে গতি এসেছে, প্রচারে ব্যস্ত জামায়াতের মনোনীত প্রার্থী
মো: রাজু আহমেদ –
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকার সাভারের আশুলিয়ায় জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৫ ডিসেম্বর) আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের নরসিংহপুর বাসস্ট্যান্ড সংলগ্ন মাঠে বিশাল এ জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় বিপুল সংখ্যক স্থানীয় জনগণ, সমর্থক ও কর্মী অংশগ্রহণ করেন।
ইয়ারপুর ইউনিয়ন জামায়াতের আমীর মো. আব্দুর রউফের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা জামায়াতের সেক্রেটারি ও ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মো. আফজাল হোসাইন।
এ জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক গোলাম রব্বানী আমীর বাংলাদেশ আমায়াতে ইসলামী রংপুর ০৫ আসনে এমপি প্রার্থী।
জনসভায় প্রধান অতিথি হিসেবে মাওলানা মো. আফজাল হোসাইন বলেন, আমি নির্বাচিত হলে সাভার-আশুলিয়া অঞ্চলের অবকাঠামো উন্নয়নে সৎ, যোগ্য, দক্ষ ও নবীন-প্রবীণদের সমন্বয়ে উন্নয়ন কমিটি গঠন করব।সন্ত্রাস-দুর্নীতি, চাঁদাবাজ ও মাদক নির্মূল করার পাশাপাশি দুর্নীতিমুক্ত প্রশাসন, জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় পাঠাগার নির্মাণ, শিল্পকারখানা নির্মাণে পরিকল্পিত ইন্ডাস্ট্রিয়াল জোন তৈরি, কৃষিখাতের আধুনিকায়ন, তথ্যপ্রযুক্তিনির্ভর দক্ষ জনশক্তি তৈরি করবো।
তিনি যুবকদের উদ্দেশ্যে বলেন, জাতীয় নির্বাচনে জামায়াতের প্রার্থীকে বিজয়ী করতে এবং দেশের সামাজিক সঙ্কট মোকাবেলায় এই জনসভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা জামায়াতের আইন বিষয়ক সেক্রেটারি এ্যাডভোকেট শহিদুল ইসলাম, জেলা রাজনৈতিক বিষয়ক সেক্রেটারি হাসান মাহাবুব মাস্টার, জেলা সাংস্কৃতিক বিষয়ক সেক্রেটারি মো. লুৎফর রহমান মোল্লা, আশুলিয়া থানা জামায়াতের আমীর মো. বশির আহমেদ, ঢাকা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও পাথালিয়া ইউনিয়ন পরিষদের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ মো. হারুনুর রশিদ, আশুলিয়া থানা সেক্রেটারি আবুল হোসেন মীরসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও গণমাধ্যমকর্মীরা।
জনসভায় ইয়ারপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা ব্যানার-ফেস্টুনসহ ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে উপস্থিত হন।এসময় উপস্থিত স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মী-সমার্থকরা প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ সমর্থন ঘোষণা করেন এবং শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সবার সহযোগিতা কামনা করেন