
বিজয়নগরে গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি হাসপাতালে
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার দুপুরে তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়।
ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মোহাম্মদ সেলিম জানান, বিজয়নগর এলাকায় গুলির ঘটনাটি ঘটে। এরপরই গুরুতর অবস্থায় হাদিকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে আনা হয়।
তিনি আরও বলেন, “হাদির মাথায় গুলির আঘাত রয়েছে।”
হাসপাতাল সূত্রে জানা গেছে, সন্ধ্যায় তার অস্ত্রোপচার শুরু হয় এবং এ প্রক্রিয়ায় প্রতিষ্ঠানের সিনিয়র চিকিৎসকরা অংশ নিচ্ছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচারণায় অংশ নিচ্ছিলেন ওসমান হাদি।
গত বছরের জুলাই মাসের গণঅভ্যুথানকে কেন্দ্র করে গঠিত ইনকিলাব মঞ্চ নিজেদের ‘অভ্যুত্থান-প্রেরণায় উদ্বুদ্ধ সাংস্কৃতিক প্ল্যাটফর্ম’ হিসেবে পরিচয় দেয়। সংগঠনের অফিসিয়াল ফেসবুক পাতায় বলা আছে, তারা আধিপত্যবাদবিরোধী অবস্থানে দাঁড়িয়ে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
ইনকিলাব মঞ্চের সেক্রেটারি ও হাদির পিআর টিমের প্রধান আবদুল্লাহ আল জাবের জানান, নির্বাচনী প্রচারণার সময়ই হাদি হামলার শিকার হন। পরিস্থিতি নিয়ে রাজনৈতিক অঙ্গনসহ সংশ্লিষ্ট মহলে উদ্বেগ দেখা দিয়েছে।