
এই হামলা বাংলাদেশের অস্তিত্বের ওপর আঘাত প্রধান উপদেষ্টা ড. মোঃ ইউনূস।
যমুনায় জরুরি বৈঠক, হামলাকারী গ্রেপ্তারে কঠোর নির্দেশ।
ঢাকা, ১২ ডিসেম্বর ২০২৫- অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলা বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার ওপর “সুপরিকল্পিত আঘাত” এবং “রাষ্ট্রের অস্তিত্বের প্রতি চ্যালেঞ্জ”। শুক্রবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের সদস্য ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত জরুরি বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেইসবুক পেইজ থেকে প্রকাশিত বিবৃতি অনুযায়ী, বৈঠকে আইন উপদেষ্টা আসিফ নজরুল, স্বরাষ্ট্র উপদেষ্টা মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানসহ অন্তর্বর্তী সরকারের অন্যান্য উপদেষ্টা ও সশস্ত্র বাহিনী, পুলিশ এবং গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, “হাদির ওপর হামলা অন্তর্বর্তী সরকারের মেয়াদকালে উদ্বেগজনক ঘটনা। এই হামলা দেশের গণতন্ত্রের ওপর আঘাত, যা পরাজিত শক্তির সুস্পষ্ট ষড়যন্ত্র।”
তিনি আরও বলেন, “যেকোনো মূল্যে এই হামলা ও এর পেছনের অপশক্তির পরিকল্পনা ব্যর্থ করে দেওয়া হবে। কোন শক্তিই আগামী জাতীয় নির্বাচন ও গণভোটকে বানচাল করতে পারবে না।”
হাদির শারীরিক অবস্থা নিয়ে বৈঠকে জানানো হয়, তিনি বর্তমানে সংকটাপন্ন অবস্থায় আছেন এবং পরিবারের ইচ্ছায় এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। দ্রুততম সময়ে হামলাকারী ও পরিকল্পনাকারীদের গ্রেফতারের নির্দেশ দেন চিফ অ্যাডভাইজার এবং দেশবাসীর প্রতি তার আরোগ্য কামনায় দোয়া করার আহ্বান জানান।
পুলিশ জানায়, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজসহ গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়েছে। হামলাকারীরা যেন দেশত্যাগ করতে না পারে, সে জন্য সীমান্তে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
বৈঠকে সম্ভাব্য টার্গেটদের নিরাপত্তা জোরদার, অবৈধ অস্ত্র উদ্ধার, অপরাধীদের সম্ভাব্য আস্তানায় অভিযান বৃদ্ধি এবং নির্বাচনকালীন যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় বিশেষ হটলাইন চালু করার সিদ্ধান্ত নেয়া হয়।
শিগগিরই দেশের প্রধান রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে আলোচনা করবেন বলেও জানান প্রধান উপদেষ্টার কার্যালয়।