
টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ মাদক পাচারকারী গ্রেপ্তার
টেকনাফ প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ৬০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন গোয়েন্দা সংবাদের ভিত্তিতে সোমবার মধ্যরাত আনুমানিক রাত ৩টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি টিম টেকনাফ থানাধীন সাবরাং কাটাবুনিয়া সংলগ্ন চর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ওই এলাকা দিয়ে মাদক পাচারের চেষ্টা চলাকালে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ৬০ হাজার পিস ইয়াবাসহ একজন পাচারকারীকে হাতেনাতে আটক করা হয়।
আটক ব্যক্তির কাছ থেকে উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং আটক মাদক পাচারকারীর বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, দেশকে মাদকমুক্ত করতে বাংলাদেশ কোস্ট গার্ডের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।