
ঢাকা ১৭ ও বগুড়া ৬ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন পত্রে স্বাক্ষর তারেক রহমানের।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া-৬ নির্বাচনী আসনে দলীয় প্রতীক ‘ধানের শীষ’-এর প্রার্থী হিসেবে মনোনয়নপত্রে স্বাক্ষর করেছেন।
রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানস্থ বিএনপি চেয়ারপার্সন কার্যালয়ে সংশ্লিষ্ট দুটি আসনের দলীয় সমন্বয়কদের উপস্থিতিতে তিনি এ মনোনয়নপত্রে স্বাক্ষর করেন।
দলীয় সূত্র জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়ন প্রক্রিয়ার অংশ হিসেবে এই স্বাক্ষর কার্যক্রম সম্পন্ন করা হয়। এ সময় নির্বাচনী কৌশল, সাংগঠনিক প্রস্তুতি এবং নির্বাচনী মাঠ পরিস্থিতি নিয়েও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন তারেক রহমান।
বিএনপি নেতারা মনে করছেন, গুরুত্বপূর্ণ এই দুটি আসনে তারেক রহমানের মনোনয়নপত্রে স্বাক্ষর দলের নির্বাচনী প্রস্তুতিকে আরও দৃঢ় করবে এবং তৃণমূল নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।
উল্লেখ্য, ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন দুটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ আসন হিসেবে বিবেচিত হয়ে আসছে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থী চূড়ান্ত ও পরবর্তী আনুষ্ঠানিক ঘোষণার বিষয়টি নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার সঙ্গে সামঞ্জস্য রেখে জানানো হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।
ছবি: বিএনপি চেয়ারপার্সন কার্যালয়