
৩ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত ঘোষণা জামায়াতে ইসলামীর।
নিজস্ব প্রতিবেদক
আগামী ৩ জানুয়ারিতে পূর্বঘোষিত মহাসমাবেশ স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই দিনে দেশের ৯টি কৃষি ও কৃষি-প্রাধান্য বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার (২৮ ডিসেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
বিবৃতিতে তিনি বলেন,
“আগামী ৩ জানুয়ারি দেশের ৯টি কৃষি ও কৃষি-প্রাধান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পূর্বঘোষিত ৩ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত ঘোষণা করা হলো।”
তিনি আরও জানান, শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করতে এবং জনদুর্ভোগ এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তীতে পরিস্থিতি বিবেচনা করে মহাসমাবেশের নতুন তারিখ জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, এর আগে বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী ৩ জানুয়ারি রাজধানীতে মহাসমাবেশের ঘোষণা দিয়েছিল।