
দিনাজপুরের বীরগঞ্জে নিজ বাড়িতে গলাকেটে হত্যা মরদেহ তদন্তে পুলিশ
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৯ নম্বর সাতোর ইউনিয়নের আরাজি চৌপুকুরিয়া গ্রামে এক হৃদয়বিদারক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয়দের অভিযোগ, মঙ্গলবার রাতে নিজ গ্রামের বাড়িতেই গলা কেটে হত্যা করা হয়েছে মোহাম্মদ দানিউল ইসলামকে।
নিহত দানিউল ইসলাম দীর্ঘদিন ধরে দিনাজপুর জেলা শহরে বসবাস করতেন। মাঝে মধ্যে তিনি গ্রামের বাড়িতে বেড়াতে আসতেন। ধারণা করা হচ্ছে, সেই সুযোগেই দুর্বৃত্তরা এই নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোহাম্মদ দানিউল ইসলাম ছিলেন ভদ্র ও শান্ত স্বভাবের মানুষ। এলাকাবাসীর ভাষ্যমতে, কারো সঙ্গে তাঁর কোনো আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধ কিংবা ব্যক্তিগত শত্রুতার বিষয় সম্পর্কে জানা যায়নি।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মনিরুজ্জামান এবং বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)। পুলিশ ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে এবং হত্যার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে।
এই নির্মম হত্যাকাণ্ডে এলাকাজুড়ে শোক ও আতঙ্ক বিরাজ করছে। নিহতের স্বজন ও স্থানীয়রা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, তদন্তের অগ্রগতি অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।