
আশুলিয়ায় ডিবির পৃথক অভিযান: ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ ৫ জন গ্রেফতার।
আশুলিয়া সাভারের আশুলিয়ায় পৃথক অভিযান পরিচালনা করে চারজন মাদক ব্যবসায়ী ও একজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে ৭০ পিস ইয়াবা এবং ১৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের দিকনির্দেশনায় এবং ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে এই বিশেষ অভিযানগুলো পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৭ মে) রাত ১১টা ৩০ মিনিটে আশুলিয়ার ইসলাম নগর এলাকায় এসআই শেখ মফিজুর রহমানের নেতৃত্বে একটি দল অভিযান চালায়। সেখান থেকে পেশাদার ছিনতাইকারী দলের সদস্য মো. আরফিুল ইসলামকে (২৬) গ্রেফতার করা হয়।
শুক্রবার (৮ মে) রাত ২টা ৫০ মিনিটে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় দ্বিতীয় অভিযানটি পরিচালনা করেন এসআই মো. নাফিউল ইসলাম পিপিএম। অভিযানে মো. রিয়াদ (২০) ও মো. শরিফ মিয়া (২৭) নামে দুই মাদক ব্যবসায়ীকে ১৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়। উদ্ধারকৃত এই মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ১৯ হাজার ২০০ টাকা।
ইয়াবাসহ আরও দুই জন গ্রেফতার: একই দিন ভোর ৬টা ১০
মিনিটে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় এসআই শেখ মো. মাসুদ আল মামুনের নেতৃত্বে অভিযান চালিয়ে মো. লাবলু বিশ্বাস (৩৮) ও মো. ইদ্রিস আলীকে (৩৮) গ্রেফতার করা হয়।
তাদের কাছ থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক মূল্য ২১ হাজার টাকা।
ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি তাদের অন্যান্য মামলায় গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।