
মানুষের যেকোনো বিপদে বিএনপি সরকার পাশে থাকবে: তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী
মানুষের যেকোনো দুর্যোগ ও বিপদে বিএনপি সরকার সব সময় জনগণের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
বুধবার (২৭ মে) ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সাম্প্রতিক ভয়াবহ ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, ঢেউটিন ও শুকনা খাদ্য সামগ্রী বিতরণকালে তিনি এ কথা বলেন।
ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও মানবিক সহায়তা বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের দুর্দশা লাঘবে এবং পুনর্বাসনে নানা যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন। জনগণের কল্যাণের কথা চিন্তা করে বর্তমান সরকার ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডসহ নানা ধরনের সুযোগ-সুবিধা মাঠপর্যায়ে বাস্তবায়ন করে যাচ্ছে।”
এর আগে প্রতিমন্ত্রী আজ নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের হাটশিরা এলাকায় ঝড়ে বিধ্বস্ত ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান। পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে সরাসরি কথা বলেন, তাদের সার্বিক খোঁজ-খবর নেন এবং গভীর সহানুভূতি প্রকাশ করে কুশল বিনিময় করেন। পরিদর্শন শেষেই তিনি তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারের পক্ষ থেকে এসব মানবিক সহায়তা সামগ্রী তুলে দেন।
ত্রাণ বিতরণ ও পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সাথে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, সদস্য সচিব এনামুল কাদির এবং খারুয়া ইউনিয়ন বিএনপি নেতা অলিউল্লাহ অলিসহ স্থানীয় দলীয় নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।