
আশুলিয়ায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার তরুণী
গ্রেফতার -৩
স্টাফ রিপোর্টার
সাভারের আশুলিয়ায় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণীকে বাসায় ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ৩ স্কুলছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তোলপাড় চলছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জামগড়া এলাকার মোঃ মমিন নামের এক যুবকের সাথে পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ১৬ বছর বয়সী ওই তরুণীর।
ভুক্তভোগী তরুণী জানায়, গতকাল শনিবার মমিন ওই তরুণীকে জামগড়া প্রাইমারি স্কুলের পেছনে নীলা খাতুনের বাসায় ডেকে নিয়ে যায়। সেখানে একটি কক্ষে তাকে প্রথম ধর্ষণ করে মমিন। পরে তার সাথে যোগ দেয় স্থানীয় মাদক ব্যবসায়ী জাকির এবং তার স্কুলপড়ুয়া দুই বন্ধু সুমন ও সিফাত। তারা তাকে জোরপূর্বক আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করে এবং তার মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়।
পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় জামগড়া পুলিশ ফাঁড়িতে অভিযোগ দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের গ্রেফতার করে আশুলিয়া থানায় হস্তান্তর করে।
ঘটনার বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ তরিকুল ইসলাম জানান,
আমরা অভিযোগ পাওয়ার পরপরই তাৎক্ষণিকভাবে জামগড়া এলাকায় অভিযান চালাই। ঘটনাস্থল থেকে মমিন, সিফাত ও সুমন নামের তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ভিকটিমকে উদ্ধার করে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (OCC) পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
বাকি আসামিদের ধরতেও অভিযান চলছে।”
গ্রেপ্তারকৃত মমিন শেখের বাড়ি ফরিদপুরের বোয়ালমারীতে, সুমন শেখের বাড়ি সিরাজগঞ্জের সলঙ্গায় এবং সিফাত স্থানীয় জামগড়া এলাকার বাসিন্দা।
এই জঘন্য ঘটনায় জড়িত বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।