
আমিনবাজারে ডিবির অভিযানে জীবিত তক্ষক উদ্ধার, গ্রেপ্তার ৫ বন্যপ্রাণী পাচার ও অবৈধ ক্রয়-বিক্রয়ের অভিযোগে সাভার থানায় মামলা; আসামিরা আদালতে প্রেরিত
মো. নুর আলম (স্টাফ রিপোর্টার) ঢাকা:
ঢাকার সাভারের আমিনবাজার এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে একটি জীবিত তক্ষক উদ্ধার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় বন্যপ্রাণীটির অবৈধ ক্রয়-বিক্রয় ও পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে ৫ জন পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ রোববার (৫ জুলাই) ঢাকা জেলা ডিবি (উত্তর) কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।
ডিবি পুলিশ জানায়, ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল মুত্তালিব ও ডিবি পুলিশের একটি চৌকস দল গতকাল শনিবার (৪ জুলাই) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে সাভার মডেল থানার আমিনবাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন।
অভিযানে ঘটনাস্থল থেকে পাচারকারীদের হাত থেকে তক্ষকটি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হওয়া ৫ ব্যক্তি হলেন:
১. মঞ্জুরুল হোসেন (৩৮)
২. হযরত আলী রিপন (৩৯)
৩. আব্দুর রহিম (৪২)
৪. রায়হান আহম্মেদ রনি (৩৮)
৫. সাগর শেখ (৪০)
পুলিশের অপরাধ রেকর্ড পর্যালোচনা করে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে আব্দুর রহিমের বিরুদ্ধে এর আগেও একটি মামলা রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা জেলা উত্তর ডিবি-এর অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে পরিবহন ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ ঘোষিত একটি জীবিত তক্ষক উদ্ধার করা হয়েছে। ধূসর রঙের এই বন্যপ্রাণীটির দৈর্ঘ্য প্রায় ১৫ ইঞ্চি।
তিনি আরও জানান, এ ঘটনায় গ্রেপ্তারকৃত ৫ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনসহ প্রচলিত আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ দুপুরে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।