
মনোহরদীতে ২ কেজি গাঁজা ও ৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
নিজস্ব প্রতিনিধি
___________________________________________
নরসিংদীর মনোহরদীতে দুই কেজি গাঁজা ও ৮০ পিস ইয়াবাসহ মো. মনু মিয়া (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের চিকাদী গ্রামে অভিযান চালিয়ে নিজ বসতবাড়ির উঠান থেকে তাকে আটক করা হয়। আটককৃত মনু মিয়া ওই গ্রামের মৃত আয়েব আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মনোহরদী থানার উপপরিদর্শক (এসআই) আবেদ আলীর নেতৃত্বে পুলিশের একটি দল চিকাদী গ্রামে মনু মিয়ার বাড়িতে অভিযান চালায়। এ সময় তার কাছে থাকা পলিথিনে তল্লাশি চালিয়ে দুই কেজি গাঁজা ও ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মনু মিয়া উদ্ধারকৃত মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রাখার কথা স্বীকার করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা জানান, “আটক মনু মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।”