
আশুলিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়ে ছাই ৮টি কক্ষ ও ৩টি দোকান
মো: সুজন আহমেদ-ঢাকার আশুলিয়ার ভাদাইল এলাকার আক্কাস আলী মার্কেট সংলগ্ন সুরুজ মিয়ার বাড়িতে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বাড়ির ৮টি কক্ষ ও অন্তত ৩টি দোকান সম্পূর্ণ পুড়ে গেলেও, সৌভাগ্যবশত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
রোববার (২৮ জুন) রাত প্রায় ৩টার দিকে আগুনের সূত্রপাত হলে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও সরু রাস্তার কারণে গাড়ি বাড়ি পর্যন্ত নিতে পারেনি। পরে দূর থেকে অতিরিক্ত পাইপ ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ফায়ার সার্ভিস জানায়, আগুনের তীব্রতায় মুহূর্তেই তা চারদিকে ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক গোলযোগ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানির কোনো ঘটনা না ঘটায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা।