
তাহিরপুরে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে হিন্দু সম্প্রদায় পরিবারের জমি দখলের অভিযোগ
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে এক হিন্দু পরিবারের বোরো জমি জোরপূর্বক দখল করে চাষাবাদ করার অভিযোগ উঠেছে প্রভাবশালী একটি চক্রের বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে একাধিকবার অভিযোগ জানিয়েও কোনো সহায়তা পাচ্ছেন না বলে দাবি করেছেন।
ভুক্তভোগী সাগর বর্মন (২২) তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের খলাহাটি গ্রামের মৃত সখী চরণ বর্মনের ছেলে। তিনি ক্রয় সূত্রে জমির মালিক হয়ে দীর্ঘদিন ধরে ওই জমিতে চাষাবাদ করে আসছেন।
জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধের জেরে সাগর বর্মন আদালতে বিবিধ/পিটিশন মামলা নং-৯৬৭/২৫ (তাহিরপুর) দায়ের করেন। মামলাটি ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারায় নিষ্পত্তির জন্য আদালতে বিচারাধীন রয়েছে। জমিটির বিবরণ অনুযায়ী এটি সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানাধীন জামালগড় মৌজার এস.এ খতিয়ান নং-৩৭৯ ও এস.এ দাগ নং-১৫২৬ এর অন্তর্ভুক্ত, যার পরিমাণ ০.৭১ শতক বোরো শ্রেণির ভূমি।
অভিযোগে বলা হয়, উপজেলার রতনশ্রী গ্রামের রতন উদ্দিনের ছেলে প্রভাবশালী শাহ আলমসহ তার সহযোগী আরও ৬ জন আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দলবল নিয়ে জমিটি দখল করেন। পরে সেখানে বোরো ধানের চাষাবাদ শুরু করেন তারা।
ভুক্তভোগী সাগর বর্মন ও তার পরিবার অভিযোগ করে বলেন, প্রশাসনের বিভিন্ন দপ্তরে গিয়েও তারা কোনো কার্যকর সহায়তা পাচ্ছেন না। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী পরিবার দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও জমি উদ্ধারের দাবি জানিয়েছেন।