
চাঁপাইনবাবগঞ্জ-৩: জামায়াতের প্রার্থী নূরুল ইসলাম বুলবুলের মনোনয়নপত্র উত্তোলন
প্রতিবেদন:
চাঁপাইনবাবগঞ্জ (মাহিদুল ইসলাম ফরহাদ): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের জন্য জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোঃ নূরুল ইসলাম বুলবুল আজ (১৭ ডিসেম্বর) দুপুর ১২টায় মনোনয়নপত্র উত্তোলন করেছেন।
জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ শাহাদাত হোসেন মাসুদ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। এসময় তার সঙ্গে ছিলেন জামায়াতের জেলা সাধারণ সম্পাদক মোঃ আবু বক্কর, চাঁপাইনবাবগঞ্জ জেলায় নায়েবে আমীর ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক এমপি মোঃ লতিফুর রহমান, সাবেক পৌর মেয়র মোঃ নজরুল ইসলাম এবং অন্যান্য স্থানীয় নেতাকর্মীরা।
মনোনয়নপত্র উত্তোলনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মোঃ নূরুল ইসলাম বুলবুল বলেন, তিনি আসনের সার্বিক উন্নয়ন, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচনে অংশগ্রহণ করতে আগ্রহী। জনগণের সমর্থন পেলে এলাকার শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থান উন্নয়নের কাজ করবেন তিনি।
রিটার্নিং কর্মকর্তা জানান, ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল শুরু করেছেন। নির্বাচনী মাঠে ধীরে ধীরে সক্রিয় হয়ে উঠছে রাজনৈতিক অঙ্গন।