
বোয়ালমারীতে শিশু যৌন নিপীড়ন: প্রতিবেশী হাফিজুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড
ফরিদপুরের বোয়ালমারীতে ১১ বছর বয়সী এক স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের দায়ে হাফিজুর রহমান মোল্লা (৫১) নামের এক ব্যক্তিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত হাফিজুর রহমান মোল্লা বোয়ালমারী উপজেলার সূর্যগ্রাম মধ্যপাড়া গ্রামের মৃত বাবুল মোল্লার ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৫ মে দুপুরে ভুক্তভোগী পঞ্চম শ্রেণির শিশুটির মা ও বড় বোন এক অসুস্থ আত্মীয়কে দেখতে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। এ সময় বাড়িতে একা ছিল শিশুটি। গোসল শেষে নিজ কক্ষে কাপড় পরিবর্তনের সময় প্রতিবেশী হাফিজুর রহমান মোল্লা ঘরে ঢুকে তাকে জোরপূর্বক যৌন নিপীড়ন করে।
শিশুটির চিৎকারে অভিযুক্ত ব্যক্তি তার মুখ চেপে ধরে এবং বিষয়টি গোপন রাখার জন্য ৩০০ টাকা দেওয়ার প্রস্তাব দেয়।
একপর্যায়ে শিশুটি নিজেকে ছাড়িয়ে নিয়ে পুনরায় চিৎকার শুরু করলে অভিযুক্ত পালিয়ে যায়। পরে মা ও বড় বোন বাড়িতে ফিরলে শিশুটি তাদের বিস্তারিত জানায়। এরপর স্বজনদের সঙ্গে আলোচনা করে বোয়ালমারী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) জানান, মামলার বিচার শেষে সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামি হাফিজুর রহমান মোল্লাকে দোষী সাব্যস্ত করে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন।